কর কমিশনারের বাণী
ব্লু-ইকোনমির অপার সম্ভাবনাময় জেলা কক্সবাজার। ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকত জুড়ে গড়ে উঠা পর্যটনকেন্দ্র, মৎস্য আহরণ, সীমান্ত ভিত্তিক নদী বন্দর, ব্যবসা বাণিজ্য, গভীর সমুদ্র বন্দর প্রভৃতির কারণে কক্সবাজার জেলা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর হতে যাচ্ছে। পাহাড় ও সমুদ্রের মিতালীতে গড়া অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত ও সম্পদ সমৃদ্ধ ২,৪৯১.৮৬ বর্গকিলোমিটার ক্ষেত্রফলের কক্সবাজার জেলা অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে চলা এক অনন্য উদাহরণ। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে রাজস্ব আহরণের ভিত্তিও বেড়েছে এই কক্সবাজার জেলায়। তাই জাতীয় রাজস্ব বোর্ডের সম্প্রসারণের দ্বিতীয় পর্যায়ে কর অঞ্চল-কক্সবাজার যাত্রা শুরু করেছে। কর অঞ্চল-৪ চট্টগ্রামের অধীনস্থ ১টি রেঞ্জ ও ৫টি সার্কেল পুনর্বিন্যাসের মাধ্যমে কর অঞ্চল-কক্সবাজারের ১টি কমিশনারেট, ৪টি রেঞ্জ অফিস এবং ২২টি সার্কেল অফিস গঠন করা হয়েছে।
নবসৃষ্ট এ কর অঞ্চল আয়কর খাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন পূর্বক জাতীয় অর্থনীতি ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে বদ্ধ পরিকর।




















